নরসিংদীর রায়পুরায় ফিড মিলের বর্জ্য পানিতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং এক কৃষককে আটকের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ধুকুন্দি-চারাবাগ এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিবেশের তোয়াক্কা না করে পুষ্টিরাজ ও আরমান ফিড মিলস লিমিটেড এলাকায় মাছ ও মুরগির খাদ্য উৎপাদন করে আসছে। তবে তাদের বর্জ্য পানি নিষ্কাশনের কোনো সঠিক ব্যবস্থা না থাকায় আশপাশের প্রায় ২০০ বিঘা কৃষিজমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে।
এ বিষয়ে বহুবার মিল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। উল্টো প্রতিবাদ করলে পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও দাবি তাদের।
এরই ধারাবাহিকতায় বুধবার (১ এপ্রিল) মিল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে স্থানীয় কৃষক শাহিন মিয়াকে আটক করে রায়পুরা থানা পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে তার মুক্তির দাবিতে মহাসড়ক অবরোধ করেন গ্রামবাসী।
অবরোধকারীরা জানান, ফিড মিলের দূষিত পানিতে তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। জমিতে চাষাবাদ করা যাচ্ছে না। পাশাপাশি জোরপূর্বক জমি দখলেরও অভিযোগ করেন তারা। এসবের প্রতিবাদ করলেই মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তারা।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, ডিবি ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ গ্রামবাসী।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, এলাকাবাসীর অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আটক কৃষক শাহিন মিয়ার জামিনের ব্যবস্থাও করা হয়েছে। অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
Leave a Reply