কানাইঘাট প্রতিনিধিঃ
জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সভা কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হেসেনের সঞ্চালনায় জাতীয় বিল্পব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ^জিৎ রায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এসএম মাসুক, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি উচ্চাভিলাষী দল মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করে ক্ষমতা দখল করে নেয়।
এতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর খালেদ মোশারফের নগ্ন হস্তক্ষেপ মেনে নিতে পারেনি। এদেশের সিপাহী-জনতা ৬ নভেম্বর মধ্যরাতে ঐক্যবদ্ধ এক বিল্পব ঘটিয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেন।
৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়-বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে সবাই এক সাথে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে জাতীয় বিল্পব ও সংহতি দিবসের রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।