সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়।
শুক্কুর আলী (৩৮) সিলেটের জালালাবাদ থানার গোবিন্দপুর গ্রামের ময়না মিয়ার ছেলে। দুপুর ১২টার দিকে তিনি সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিকেল ৩টার দিকে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান। তিনি বলেন, ‘পুলিশ আসামি ধরতে টালবাহানা করেছে। আজ মূল আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে বলে আশা করছি।’
মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট সাদাপাথরে পাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ক্যামেরা, মুঠোফোন ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ ছিনিয়ে নেওয়া হয়। এমনকি তাঁকে অপহরণের চেষ্টাও করা হয়েছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক কবির আহমদ দৈনিক কালের কণ্ঠের সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান আসামিকে কারাগারে পাঠানোর আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’