শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক এহসান বিন মুজাহির (এহসানুল হক)-সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার এবং ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের তীব্র দাবি জানান।
বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের সাংবিধানিক অধিকার ও পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের ওপর মামলার মাধ্যমে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত আশঙ্কাজনক।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ভয়ভীতি প্রদর্শন করে জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পথ রুদ্ধ করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। তারা অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে সঠিক সত্য উন্মোচনের আহ্বান জানান।
সমাবেশ সভাপতিত্ব করেন সৈয়দ আবুজাফর সালাউদ্দিন এবং রুবেল আহমেদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, দেশ রূপান্তর জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি এম মুসলিম চৌধুরী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এ রব, দৈনিক করতোয়া প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর-সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের শ্রীমঙ্গল ও প্রতিনিধিরা অংশ নেন।