কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি সীমান্তে বিজিবির অস্ত্র উদ্ধার অভিযানে একটি এয়ারগান সহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য জব্দ করা হয়েছে।
আজ সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবি’র সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সোনাতনপুঞ্জি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্ত হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১টি ভারতীয় এয়ারগান ও ১টি ওয়াকিটকি সেট উদ্ধার করে।
এছাড়াও সুরাইঘাট ও গুয়াবাড়ি বিওপি’র পৃথক আভিযানিক টহল দল, সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মোট ৮৫ পিস শাড়ি, ৬০০ কেজি জিরা, ও বিভিন্ন প্রকার ২৮৮ পিস শ্যাম্পু, ৪০০ পিস পন্ড ফেসওয়াশ এবং ৭০ কেজি চা পাতা জব্দ করে। এছাড়াও আমলশীদ ও জৈন্তাপুর বিওপির পৃথক অভিযানে ৩টি মহিষ ও ১টি গরু জব্দ করে বিজিবি।
সবমিলিয়ে আটককৃত ভারতীয় এসব মালামালের সিজারমূল্য প্রায় ২১ লক্ষ টাকা। এবিষয়ে জকিগঞ্জ-১৯ বিজিবি মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও বলা হয়েছে যে, জব্দকৃত মালামাল কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।