সিলেটের কানাইঘাটে মোটরসাইকেল চালক ও শ্রমিক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা মিজান আহমদকে নিরীহ ও অসহায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উল্লেখ করে তার মুক্তির দাবি জানান। একই সঙ্গে তাকে ঘিরে ওঠা অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তারা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি. সিলেট-৯২)-এর উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মো. হাবিব আহমদের সভাপতিত্বে এবং সংগঠনের সমাজসেবা সম্পাদক গোলাম কিবরিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আমানুর রশিদ চৌধুরী।
এ সময় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিপুল আমিন চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ মতিউর রহমান, শ্রমিক ট্রেড ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মালিক, সংগঠনের সদস্য মোহাম্মদ শাহজাহান, রোমান আহমেদসহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, মোটরসাইকেল চালক মিজান আহমদ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার গ্রেপ্তারের পর থেকে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। পরিবারের সদস্যরা বর্তমানে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। একজন শ্রমজীবী মানুষের গ্রেপ্তারের কারণে তার পরিবার মানবেতর জীবনযাপন করছে।
বক্তারা আরও বলেন, মিজান আহমদ এলাকায় সৎ, নিরীহ ও সহজ-সরল প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত। তাকে প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার করা হয়েছে বলে তারা দাবি করেন। সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রশাসনের কাছে তথ্য ও তালিকা রয়েছে। প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রশাসনের দায়িত্ব।
তারা বলেন, মিজান আহমদ যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হোক। কিন্তু কেবল যাত্রী পরিবহনের মতো পেশাগত কাজের কারণে কিংবা কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি আটক হয়ে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
বক্তারা আরও বলেন, একজন শ্রমিকের জীবিকা নির্বাহের অধিকার ও তার পরিবারের বেঁচে থাকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা প্রয়োজন। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মিজান আহমদের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ মোটরসাইকেল চালক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবিতে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।