নিজস্ব প্রতিবেদক ::: সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ২৭টি নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার ৪ নম্বর রাংপানি নদী ও ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২৭টি নৌকা ধ্বংস করা হয়। প্রশাসনের হিসাবে, এসব নৌকার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা।
অভিযানকালে অবৈধভাবে উত্তোলন করা ৯ হাজার ১৭ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে উপস্থিত সংশ্লিষ্টদের অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিষয়ে সচেতনতা বাড়াতে এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।