যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন থেকে প্রায় ২৫ মাইল উত্তর-পশ্চিমে চ্যাটসওয়ার্থ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি এনবিসি৪ ও টেলিমুন্ডো ৫২-এর হয়ে আকাশপথে সংবাদ সংগ্রহ করছিল।
স্টেশন দুটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত হেলিকপ্টারটি একটি প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নিহতদের পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
এনবিসি৪-এর উপস্থাপক কোলিন উইলিয়ামস সরাসরি সম্প্রচারে নিশ্চিত করেন, দুর্ঘটনায় তাদের হেলিকপ্টার দলের সদস্যরা ছিলেন। এর আগে ওই এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় হেলিকপ্টারটির ক্রুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছিল স্টেশনটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। আহত অন্তত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত বা আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। হেলিকপ্টারটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ধ্বংসাবশেষ সরিয়ে এর পরিচয় শনাক্ত করতে হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। দুর্ঘটনাস্থলের কাছে থাকা কয়েকটি গাড়ি ও দুটি বড় পণ্য রাখার কনটেইনারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়। উদ্ধারকাজে ৭০ জনের বেশি দমকলকর্মী অংশ নেন।
নিহতদের একজন দুর্ঘটনার সময় পার্কিং এলাকায় থাকা একজন পথচারী ছিলেন বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্তের নেতৃত্ব দেবে। বুধবার সকালে সংস্থাটির একজন তদন্তকারী ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে। তদন্তে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও যুক্ত রয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ২০০৪ সালে নির্মিত ইউরোকপ্টার এএস৩৫০ বি২ মডেলের এক ইঞ্জিনের একটি ইউটিলিটি হেলিকপ্টার।