এম এ কাদির, বালাগঞ্জ:
সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান বাজার জামে মসজিদকে বড়বাঙ্গা নদীর ভাঙন থেকে রক্ষায় বেসরকারি উদ্যােগে প্রস্তাবিত গার্ড ওয়াল নির্মাণের জন্য ৫৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে ফ্রান্সে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স।

শনিবার (২৪ অক্টোবর) দেশে অবস্থানরত সংগঠনটির সাবেক সভাপতি ফয়জুর রহমান মসজিদ পরিচালনা কমিটির কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন।
এ সময় ফয়জুর রহমান বলেন, বড়বাঙ্গা নদীর ভাঙন থেকে মসজিদটি রক্ষায় প্রস্তাবিত গার্ড ওয়াল নির্মাণে বিপুল অর্থের প্রয়োজন। সংগঠনের পক্ষ থেকে দেওয়া এই অনুদান প্রয়োজনের তুলনায় অপ্রতুল হলেও মসজিদটির সুরক্ষায় সামান্য অবদান রাখতে পেরে তারা আনন্দিত। তিনি ঐতিহ্যবাহী মসজিদটি রক্ষায় গার্ড ওয়াল নির্মাণের জন্য স্থানীয় বিত্তশালী ব্যক্তি ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, বালাগঞ্জের প্রাচীনতম ধর্মীয় স্থাপনাগুলোর অন্যতম দেওয়ান বাজার জামে মসজিদের একটি অংশ বড়বাঙ্গা নদীর ভাঙনের হুমকিতে রয়েছে।
যেকোনো সময় মসজিদটির গুরুত্বপূর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই মসজিদটির স্থাপনা ও ঐতিহ্য রক্ষায় দ্রুত গার্ড ওয়াল নির্মাণ করা অত্যন্ত জরুরি। তিনি এ মহতী উদ্যোগ বাস্তবায়নে বিত্তশালী ব্যক্তি ও প্রবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম বলেন, স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সুরক্ষায় প্রবাসীদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ও প্রশংসনীয়। বড়বাঙ্গা নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গার্ড ওয়াল নির্মিত হলে মসজিদটির স্থাপনা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ কাজে তিনি ব্যক্তিগতভাবে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইকবাল আহমদ, ইউপি সদস্য মো. বাবরু মিয়া ও মো. তেরা মিয়া, সমাজকর্মী আব্দুল মুনিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।