গোয়াইনঘাট প্রতিনিধি::
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল। তিনি জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাট উপজেলার গোরাগাঁও এলাকার মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (৩৬) ও আব্দুল হামিদ বুলাইয়ের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর (৩৮)।
এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে দিরাই থানার উশনপুর এবং ভোর পৌনে ৫টার দিকে নন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবির একটি দল। এর আগে সোমবার তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
নিহত বদরুল গোয়াইনঘাট থানার হাদারপার এলাকার বাসিন্দা। তিনি সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসাও করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ অক্টোবর ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বদরুল। পথে গোয়াইনঘাটের গোরাগাঁও এলাকায় কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করেন। এ সময় বদরুল ও তার সঙ্গে থাকা ছাদেকের ওপর হামলা চালানো হয়।
হামলায় বদরুল ও ছাদেক গুরুতর আহত হন। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।