গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সারীঘাট-গোয়াইনঘাট প্রধান সড়কের সাতাইন বেকরা ব্রিজ এলাকায় ডিআই গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মামুন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালক তারেকসহ আরও ২-৩ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন নয়ানগর গ্রামের বাসিন্দা। আহত সিএনজিচালক তারেকও নয়ানগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সারীঘাট থেকে গোয়াইনঘাটগামী প্রধান সড়কের সাতাইন বেকরা ব্রিজ এলাকায় ডিআই গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রীরা হতাহত হন। দুর্ঘটনার পর ডিআই গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।