রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরের সামনে থেকে অবিস্ফোরিত দুটি ককটেল ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা ছিল ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’। তবে কারা এগুলো সেখানে রেখে গেছে, তা জানাতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ককটেল দুটি পাওয়া যায়।
টহলরত পুলিশ সদস্যরা জানান, দায়িত্ব পালনের সময় চিরকুটের ওপর রাখা অবিস্ফোরিত ককটেল দুটি তাদের নজরে আসে।
ধানমন্ডি থানার সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুল গফুর বলেন, ‘ককটেল দুটি অবিস্ফোরিত থাকায় নিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ইউনিটের সদস্যরা পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’