সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, শটগান ও গুলিসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি জানায়, বুধবার রাতে ৪৮ বিজিবির একটি দল গোয়াইনঘাট উপজেলাধীন প্রতাপপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ এবং একটি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়াও, বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক ও মশলা উদ্ধার করা হয়। একই অভিযানে বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য এক কোটি ৭০ লাখ টাকা।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।