কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে নিষিদ্ধলীগের নেতাকর্মীরা। গতকাল রবিবার রাত ৯টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদপূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটেছে।
একাধিক সূত্রে জানা যায় নাশঁকতা কর্মকান্ডের দায়ে সাউদগ্রামের মৃত আব্দুল হকের পুত্র জেলা ছাত্রলীগের সদস্য শাহিদ রানা ও ছাত্রলীগ নেতা সাদেক আহমদকে মুলাগুল বাজারের মানবসেবা মেডিকেল নামক দোকেনের সামনে কানাইঘাট থানা পুলিশ আটক করে।
এ খবর বাজারে ছড়িয়ে পড়লে নিষিদ্ধলীগের সালেক আহমদ, সুহেল আহমদ, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা আবুল ফয়েজ, সালমান আহমদ, মাহবুব রশিদ, সালেহ আহমদ, উপজেলা বিএনপির সদস্য ও লক্ষীপ্রসাদপূর্ব ইউপি বিএনপির সহ-সভাপতি আফসর হোসেনের নেতৃত্বে তাদের আত্মীয় স্বজনেরা মিলে থানা পুলিশের উপর চড়াও হয়ে এক ধরণের মব সৃষ্টি করে শাহিদ রানা ও সাদেক আহমদকে ছাড়িয়ে নেয়।
এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানিয়েছেন এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। তবে হেন্ডকাপ ছিনিয়ে নেওয়ার খবরটি মিথ্যা ও ভিত্তিহীন বলে ওসি (তদন্ত) জানিয়েছেন।
এদিকে বিএনপি নেতা আফসর উদ্দিন এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী এমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করেন।