চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবিগঞ্জের চুনারুঘাটে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে রাণীগাঁও ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কাজী আবুল খায়ের সানুর পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী।
আহলে সুন্নাত ওয়াল জামাত রাণীগাঁও ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কদ্দুছ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য হযরত মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, হযরত মাওলানা ছোলাইমান খাঁন রাব্বানী, আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারুঘাট উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা কাজী ফজলুল হক এবং বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউছার আহমেদ রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক যুব ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা খন্দকার তৌফিকুল ইসলাম শোয়াইবি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চুনারুঘাট উপজেলা শাখার সেক্রেটারি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদসহ রাণীগাঁও ইউনিয়ন শাখার ইসলামী ফ্রন্ট, ছাত্রসেনা ও যুবসেনার নেতৃবৃন্দ, বিভিন্ন আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে সহায়তা করে। তাই সুস্থ ও সুন্দর সমাজ গঠনে যুবসমাজকে খেলাধুলা, ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ তৈরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। ২২টি দলের খেলোয়ার বৃন্দদের মাঝে সাড়ে ৩”শত জার্সি ও ২৫ টি ফুটবল তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দরা।