রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বড় একটি এলাকা ও চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়ের পর জাতীয় গ্রিড পুরোপুরি সচল হয়েছে। পর্যায়ক্রমে বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করা হচ্ছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ঢাকার ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। চট্টগ্রামের কিছু অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে এ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে।