স্টাফ রিপোর্টার ::: সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে দলীয় সভা করার দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। রোববার সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের চার উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে দাবি তার। তবে সভার স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপারের বক্তব্যে দেখা দিয়েছে ভিন্নতা। অন্যদিকে, সীমান্তে এমন কোনো সভার তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছে বিজিবি।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওতে তাকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। মাঝখানে কিছুদিন যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন বলেও জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার সামনে রেখে কয়েকজন নেতাকর্মী দাঁড়িয়ে আছেন। ব্যানারে লেখা রয়েছে, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ এতে অতিথি হিসেবে অ্যাডভোকেট রনজিত সরকারের নাম উল্লেখ করা হয়েছে। আয়োজক হিসেবে লেখা রয়েছে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম।
ব্যানার ধরে থাকা ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রনজিত সরকার দাবি করেছেন, ভারতের মেঘালয় হয়ে দেশের সীমানায় প্রবেশ করে রোববার সন্ধ্যায় তিনি এ সভা করেন। সভায় তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিডিওতে দেওয়া বক্তব্যে রনজিত সরকার ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, গ্রেপ্তার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করেন। একই সঙ্গে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার কথা উল্লেখ করে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মঙ্গলবার ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতের দলীয় কর্মসূচিতেও নেতাকর্মীদের অংশ নেওয়ার নির্দেশনা দেন তিনি।
এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ পুনরুদ্ধার, অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার প্রত্যাশার কথা তুলে ধরেন রনজিত। দলীয় লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি।
ভিডিওতে উপস্থিত কয়েকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তারা রোববার সন্ধ্যায় সভায় উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন। তবে সভার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে কেউ মুখ খুলতে চাননি।
এ বিষয়ে রনজিত সরকারের সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কোনো তথ্য জানাতে পারব না। সভা শেষে সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’ সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, জানতে চাইলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুকও রোববার সন্ধ্যায় সভা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে সভার স্থান ও বিস্তারিত জানতে চাইলে তিনিও ফোন কেটে দেন।
এদিকে, সভার স্থান নিয়ে দুই জেলার পুলিশের বক্তব্যে স্পষ্ট ভিন্নতা দেখা দিয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তায় রয়েছে। ওই পথে রনজিত সরকার প্রবেশ করার কোনো সুযোগ নেই। ভিডিওতে তার নির্বাচনী এলাকার যেসব লোককে দেখা গেছে, তাদের সিলেট সীমান্তের কোনো একটি জায়গায় জড়ো করে এ কাজ করা হয়েছে।’
তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক ভিন্ন বক্তব্য দিয়েছেন। তার দাবি, সভাটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি; বরং সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনো একটি স্থানে হয়েছে। সভায় উপস্থিত ব্যক্তিরাও সুনামগঞ্জের বাসিন্দা বলে জানান তিনি।
অন্যদিকে, সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে এ ধরনের কোনো সভা অনুষ্ঠিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ফলে রনজিত সরকারের প্রকাশিত ভিডিওতে সভা করার দাবি, উপস্থিত ব্যক্তিদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভিন্ন ভিন্ন অবস্থানে ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশেষ করে একজন সাবেক সংসদ সদস্য সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে দলীয় সভা করে আবার ভারতে ফিরে যাওয়ার যে দাবি করেছেন, তার সত্যতা ও সভার সুনির্দিষ্ট স্থান নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।