বালাগঞ্জ, সিলেট:
সিলেটের বালাগঞ্জ উপজেলার মুক্তারপুরে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রোকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে।
ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়নাধীন আত-তাকওয়া প্রকল্পে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মেটারনিটি ক্লিনিক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নূরানিয়া মাদরাসাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান।
ইতোমধ্যে প্রকল্প এলাকায় মেটারনিটি ক্লিনিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবন নির্মাণকাজ চলমান রয়েছে।
পাশাপাশি প্রকল্পের আওতায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিভিন্ন কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের বিশেষ আমন্ত্রণে প্রকল্প এলাকা পরিদর্শন করেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, প্রকল্পের দাতা সদস্য ও সমাজকর্মী মো. ইমাম উদ্দিন এবং সিরাজুল হক।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অতিথিরা বলেন, আত-তাকওয়া প্রকল্পের আওতায় মেটারনিটি ক্লিনিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভবন নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলছে। নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সেবাদান কার্যক্রম চালু করা হবে।
তারা আরও বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার অসহায়, নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত মানুষ সহজে স্বাস্থ্যসেবা গ্রহণের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ পাবেন। বিশেষ করে মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আত-তাকওয়া প্রকল্পকে একটি জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করে অতিথিরা এর সফল বাস্তবায়নে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহলসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।