সবসময় ডেস্ক ::: জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়া পরিহিত অবস্থায় থাকা ছিনিয়ে নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে ধরতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় প্রায় দুইশ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার আসামিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
পুলিশ জানিয়েছে, আসামি ছিনিয়ে নেওয়ার পর সোমবার রাতভর সাড়াশি অভিযানে নামে পুলিশ। উপজেলার হরিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তিনজনকে।
আটককৃতরা হলেন উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হরিপুর ধলাইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে শাদ উদ্দিন (৪৮), ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে আজিজুর রহমান (৪৫), উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, শিকারখাঁ গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫)।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ পুরকায়স্ত বাদি হয়ে ৩৯জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে জৈন্তাপুর থানায় মামলা দায়ের করেন। আটক হওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে এ মামলায় আসামি দেখিয়ে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ছিনিয়ে নেয়া নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
.jpg)
এর আগে সোমবার সন্ধ্যা ৭টার দিকে একাধিক মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জৈন্তাপুর উপজেলা কমিটির উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদকে হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে বাজার থেকে এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়কের করিচের পুল এলাকায় ডিআই ট্রাক দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে একদল লোক। এ সময় তারা পুলিশের ওপর হামলা করে জাকারিয়াকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। জাকারিয়ার বাড়ি করিচের পুলের পাশেই হেমু হাউদপাড়া গ্রামে।