ময়মনসিংহের ত্রিশালে ৪৭ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) দুপুর ২টা ২০ মিনিটে উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছান তিনি।
খাল পুনঃখনন উদ্বোধন শেষে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। ত্রিশাল দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এ জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব ও এসএসএফ সদস্যদের তৎপর উপস্থিতিতে ত্রিশাল এখন কার্যত নিরাপত্তার চাদরে ঢাকা।
ময়মনসিংহ জেলা প্রশাসন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন। নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, অন্য পাশে বসেছে নজরুল মেলা।
Leave a Reply