স্টাফ রিপোর্টার:::বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জন্য মোট ১৫ লাখ টাকা এবং ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মৌলভীবাজার জেলার জন্য ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জ জেলার জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, গত ৭ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশের ৬৪ জেলার জন্য বিভিন্ন ধাপে মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বন্যা ও অতিবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাত জেলা হলো চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত সাত জেলার জন্য বিশেষ বরাদ্দ হিসেবে মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। বাকি ৫৭ জেলার জন্য সাধারণ বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছে ২ কোটি ৮৫ লাখ টাকা ও ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল।
বরাদ্দকৃত অর্থ ও চাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে। বিশেষ করে বন্যা ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি ও ফসলের ক্ষতির শিকার পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply