স্টাফ রিপোর্টার:::দীর্ঘদিন পর সিলেট নগরের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা কিন ব্রিজের বিকল হয়ে থাকা বাতিগুলো সচল করা হয়েছে। ফলে আবারও আলোকিত হয়ে উঠেছে নগরের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক এই ব্রিজ। শুক্রবার (১৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘদিন পর্যাপ্ত আলোর অভাবে কিন ব্রিজ তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলেছিল। দায়িত্ব গ্রহণের পর থেকেই শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, নগরের ঐতিহ্য সংরক্ষণ এবং নাগরিকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।
প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, “এটি শুধু কিছু বাতি জ্বালানোর কাজ নয়; এটি আমাদের প্রিয় নগরের সৌন্দর্য, নিরাপত্তা ও ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতার একটি বাস্তব প্রতিফলন।
তিনি উল্লেখ করেন, উন্নয়নের ফল একদিনে দৃশ্যমান হয় না। প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে সুপরিকল্পিত উদ্যোগ, আন্তরিকতা এবং নিরলস প্রচেষ্টা। তাই নগরবাসীর প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আরও একটু সময় দিন। ইনশাআল্লাহ, সিলেট নগরীর প্রতিটি উন্নয়নকাজ ধীরে ধীরে আপনাদের চোখের সামনেই দৃশ্যমান হবে।”
দীর্ঘদিন পর কিন ব্রিজে আলোকসজ্জা ফিরে আসায় নগরবাসীর মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। অনেকেই আশা করছেন, এর মাধ্যমে শুধু ব্রিজের নান্দনিকতাই বাড়বে না, রাতের বেলায় পথচারী ও যানবাহন চলাচলেও নিরাপত্তা আরও জোরদার হবে।
Leave a Reply