রাজধানীতে মাদকবিরোধী ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করে।
মিরপুর থানায় ১১৯ জন, তেজগাঁও থানায় ৬৭ জন, উত্তরা খানায় ৫৬ জন, মতিঝিল থানায় ৫৪ জন, ওয়ারী থানায় ৪৯ জন, রমনা থানায় ৩১ জন, লালবাগ থানায় ৩০ জন, গুলশান থানায় ২৯ জন, গোয়েন্দা (ডিবি) ৬ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১ জন।
অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম (পাইপযুক্ত ৫০ টাকার নোট, বোতলের কর্ক, ফুয়েল পেপার ও গ্যাস লাইট)।
এছাড়া ১৬টি মোবাইল ফোন, ২১টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি চেক বই, ৪৪৩টি সিম কার্ড, ছাতা ও পাইপের খণ্ডিত অংশ, জিআই পাইপের টুকরো, ব্যাটারির অংশ, বেয়ারিংয়ের ১২টি বল এবং খয়েরি রঙের ছাতার কাপড়ের পোড়া অংশ উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply