জননিরাপত্তা ও দেশজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় ৫ আগস্টকে সামনে রেখে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিনটির গুরুত্ব ও বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই এই বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে সতর্কতা জোরদার করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকতে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনার অংশ হিসেবে পুলিশের যানবাহন চালকবিহীন অবস্থায় না রাখা এবং নিরাপত্তাকর্মীদের নিরবচ্ছিন্ন নজরদারি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা নিশ্চিতে সার্বক্ষণিক সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়।
মন্ত্রী জানান, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং ৫ আগস্টের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চূড়ান্ত করতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
মতিঝিল ও আশুলিয়ায় সম্প্রতি বোমাসদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব ঘটনা আতঙ্ক সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করার অপপ্রয়াস। দায়ীদের শনাক্ত এবং ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখতে সমন্বিত তদন্ত চলছে বলেও জানান তিনি।
তিনি জানান, গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিদেশ থেকে পরিচালিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কার্যক্রমের ওপর নিবিড় নজরদারি অব্যাহত রেখেছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
Leave a Reply