নিজস্ব প্রতিবেদক ::: আলোচিত সাদাপাথর কাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা হাজী মো. সাহাব উদ্দিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে তাকে আগের কোনো সাংগঠনিক পদ বা পদবি ফেরত দেওয়া হয়নি।
হাজী মো. সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার সংক্রান্ত একটি লিখিত নোটিশ বৃহস্পতিবার (১ জানুয়ারি) পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পূর্বে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় ফোরামে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়।
নোটিশে আরও বলা হয়, দলের নীতি ও শৃঙ্খলা মেনে চলার শর্তে তাকে বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত কার্যকর হলেও তার পূর্বের কোনো পদ বা পদবি এখনো পুনর্বহাল করা হয়নি।
নোটিশে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে- দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে ভবিষ্যতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন- এমন প্রত্যাশা ব্যক্ত করেছে দল।
এ সংক্রান্ত নোটিশে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দলীয় নেতারা জানান, বিএনপি সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে কঠোর হলেও সংশোধনের সুযোগ দেওয়ার নীতিতে বিশ্বাসী। ভবিষ্যতে কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকার ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট নেতার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দলের সদস্য পদ ফেরত দেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে পদ পদবী আপাতত ফেরত পাচ্ছেন না তিনি।
Leave a Reply