সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার আসামি এনামুল হক সুজনকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক করা নিয়ে দলীয় অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি ও নবগঠিত কমিটির ৬ সদস্য পদত্যাগ করায় ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত ও ঘোষিত ওয়ার্ড কমিটি সমূহ বিলুপ্ত সহ এনামুল হক সুজনকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার (০৩ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করার মতো বিতর্কিত সিদ্ধান্ত অনুমোদন করায় ফেনী পৌর যুবদলের সভাপতি এ কে এম জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৪(চব্বিশ) ঘন্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর স্বাক্ষরে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কমিটি ঘোষণা করা হয়। এতে গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
Leave a Reply