অস্ট্রেলিয়ার যেকোনো ক্যাটাগরির ভিসার আবেদন এখন থেকে দেশটির সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন পোর্টাল ‘ইম্মিঅ্যাকাউন্ট’ (ImmiAccount)-এর মাধ্যমে জমা দিতে হবে। মঙ্গলবার (১৯ মে) ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
হাইকমিশনারের বার্তায় জানানো হয়, সাধারণ আবেদনকারী ছাড়াও মাইগ্রেশন এজেন্টদের মাধ্যমে করা আবেদনও একইভাবে এই পোর্টালে জমা দিতে হবে। স্বচ্ছতা বজায় রাখতে ভিসা এজেন্টরা যাতে আবেদনকারীদের তাদের নিজস্ব ‘ইম্মিঅ্যাকাউন্ট’ দেখার সুযোগ দেন, সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে আবেদনকারীরা পোর্টালের মাধ্যমে নিজেদের নাম, জন্মতারিখ এবং পাসপোর্টের সমস্ত বিবরণ সঠিক আছে কি না তা সরাসরি যাচাই করতে পারবেন। একই সঙ্গে নির্দিষ্ট কোন ক্যাটাগরির ভিসার জন্য আবেদনটি করা হয়েছে এবং বর্তমান আবেদনের সর্বশেষ অবস্থা বা স্ট্যাটাস কী, তাও জানা যাবে।
এছাড়াও বায়োমেট্রিক্সের জন্য দেওয়া চিঠির সঙ্গে ভিসা আবেদনের কোনো অমিল রয়েছে কি না এবং অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে পাঠানো যেকোনো জরুরি বার্তা বা আপডেটও এই পোর্টালে দেখা যাবে।
অনলাইন পোর্টাল ব্যবহার ও ভিসা পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানতে অস্ট্রেলীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য হাইকমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply