সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয়ভাবে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখানোর দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেছে শাখা ছাত্রদলের একাংশ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ বলেন, ‘দেশের প্রতিটি ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানো হচ্ছে। তবে ব্যতিক্রমী চিত্র শাবিপ্রবিতে। প্রতিবছর শিক্ষার্থীরা কেন্দ্রীয়ভাবে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে থাকলেও প্রশাসনের বাধার কারণে এবার সেটি সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘গতকাল রাতে ফুটকোর্টে শিক্ষার্থীরা বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেন। তবে খেলা চলাকালীন প্রশাসনের নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড অথবা কেন্দ্রীয় মিলনায়তনে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর দাবি জানান তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফফান, মারুফ বিল্লাহ, মোস্তাকিন ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক মকবুল হোসেন এবং সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ।
প্রসঙ্গত, ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাবিপ্রবির ছয়টি আবাসিক হলে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে খেলা সম্প্রচারের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ মানববন্ধন করেছে ছাত্রদলের একাংশ।
Leave a Reply