দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদালতের বিদ্যমান নিষেধাজ্ঞা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, কিছু গণমাধ্যম এখনো আদালতের নির্দেশনা অনুযায়ী দায়িত্বশীল আচরণ করছে না।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, আদালতের আদেশ অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু বাস্তবে কয়েকটি গণমাধ্যম সেই নির্দেশনা অনুসরণ না করে তার বক্তব্য প্রকাশ বা প্রচার করছে। তার ভাষায়, এটি আদালতের নির্দেশনা অমান্যের শামিল।
তিনি জানান, বিষয়টি নিয়ে সরকার প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানাবে এবং আনুষ্ঠানিকভাবেও তাদের আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হবে। তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, সরকার আপাতত কঠোর কোনো পদক্ষেপ নিতে চাইছে না। তবে গণমাধ্যমের কাছে প্রত্যাশা, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং আদালতের নির্দেশনা অনুসরণ করবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। প্রয়োজন হলে ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনায় আসতে পারে।
তবে তিনি স্বীকার করেন, বর্তমান ডিজিটাল যুগে বিদেশি গণমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন বক্তব্য মানুষের কাছে সহজেই পৌঁছে যায়। ফলে কোনো তথ্য পুরোপুরি নিয়ন্ত্রণ করা বাস্তবিক অর্থে কঠিন।
সবশেষে জাহেদ উর রহমান বলেন, আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত সংশ্লিষ্ট বক্তব্য প্রচার থেকে বিরত থাকাই উচিত। তার আশা, দেশের গণমাধ্যম দায়িত্বশীলতা ও আইনের প্রতি সম্মান দেখিয়ে এ বিষয়ে সতর্ক অবস্থান নেবে।
Leave a Reply