নিজস্ব প্রতিবেদ :::সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটককে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। এ সময় তারা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলকভাবে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
৪৮ বিজিবি সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) ভোরে উপজেলার শ্রীপুর খড়মপুর এলাকায় টহল অভিযানের সময় অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে চারটি পাথরবোঝাই ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকগুলো ক্যাম্পে নেওয়ার পথে বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি ট্রাক জোরপূর্বক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে গিয়ে পাথর আনলোড করে দেন। তবে একটি ট্রাক পাথর ফেলে চলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে সেটি আটক করে বিজিবি।
এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, ট্রাকচালককে বিজিবি সদস্যরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এবং ঘটনাস্থলে ফাঁকা গুলি ছুড়েছেন।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক বলেন, ঘটনাস্থলে বিপুলসংখ্যক শ্রমিকের উপস্থিতিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শটগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক, পরিবহন শ্রমিক, পাথর ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply