সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় তিনি কর্মস্থলে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। জেলা প্রশাসক খোদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা নতুন ডিসির যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকেই নতুন জেলা প্রশাসক পূর্ণোদ্যমে অফিস করছেন।
উল্লেখ্য, বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে গত ২১ জুন প্রত্যাহার করার পর থেকে ১২ জুলাই পর্যন্ত পিংকি সাহা ভারপ্রাপ্ত ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের পৈতৃক নিবাস সিলেট বিভাগেরই সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দেওয়া গ্রামে। তিনি ওই গ্রামের গোলাম মাওলা চৌধুরীর সন্তান। সিলেটে যোগদানের আগে তিনি তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সিলেটের জেলা প্রশাসক নিয়োগ নিয়ে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হলেও শেষ মুহূর্তে যাত্রাপথ থেকে তাকে ফিরিয়ে নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
অবশেষে আবদুল্লাহ আল মামুনের যোগদানের মধ্য দিয়ে সিলেটের শীর্ষ প্রশাসনিক পদে সৃষ্ট শূন্যতা পূরণ হলো।
Leave a Reply