মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, সাভারে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার শেরে বাংলা নগরে যাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেখানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও এর চারপাশের এলাকা জুড়ে নেওয়া হয়েছিল কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধ কর্তৃপক্ষও আগেই তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাভারজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় সাদা পোশাকের পাশাপাশি ইউনিফর্ম পরিহিত অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।
তিনি জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যাতায়াতের সময় ঢাকা-আরিচা মহাসড়কে সাধারণ যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হবে না। তবে ধীরগতির বা অবৈধ যানবাহন চলাচল ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা বজায় রাখবে।
Leave a Reply