প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের দীর্ঘদিনের ঝুলে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য পাসপোর্ট কর্তৃপক্ষকে ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রবাসীদের পাসপোর্ট আবেদন দীর্ঘদিন আটকে থাকার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষ থেকে একটি রিট করা হয়।
রিটের শুনানি শেষে আদালত পাসপোর্ট কর্তৃপক্ষকে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের যেসব আবেদন ঝুলে আছে, সেগুলো ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। পাশাপাশি ৯০ দিনের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, আদালত আরও নির্দেশ দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে দেশের বিভিন্ন হাইকমিশন ও দূতাবাসে চিঠি পাঠাতে হবে। চিঠিতে প্রবাসীদের নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।
আরও পড়ুন
এ বিষয়ে আদালত চার সপ্তাহের রুলও জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে, প্রবাসীদের পাসপোর্ট আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে না কেন।
রিটে আবেদনকারী ছিলেন এইচআরপিবির আইনজীবী মোহাম্মদ সারোয়ার আহাদ চৌধুরী, রিপন বাড়ৈ ও মাহবুবুল ইসলাম।
মামলায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাসহ মোট ১৪ জনকে বিবাদী করা হয়েছে।
Leave a Reply