সিলেট মহানগরে কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে পুলিশি টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদারের আশ্বাস দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সোমবার (৩ আগস্ট) এসএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় সাংবাদিকরা নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত, চুরি, ছিনতাই ও রাতের বেলায় অপরাধ বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তারা অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত পুলিশি টহল, সন্দেহভাজনদের তল্লাশি এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানান।
জবাবে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। কিশোর গ্যাং, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে এসএমপি কঠোর অবস্থানে থাকবে।
তিনি বলেন, যেসব এলাকায় অপরাধের প্রবণতা বেশি, সেখানে টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে। প্রয়োজন অনুযায়ী তল্লাশি বাড়ানো হবে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে নাগরিক সচেতনতা এবং গণমাধ্যমের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। কোনো অপরাধ বা সন্দেহজনক তৎপরতার তথ্য পেলে দ্রুত পুলিশকে জানাতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি জানান, কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই রোধে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং পুলিশি টহল জোরদারের মাধ্যমে মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে
Leave a Reply