মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি বলেছেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও অনলাইন জুয়া নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ দুটি অপরাধ দমনে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য কর্মক্ষম ও আধুনিক যুবসমাজ গড়ে তোলা। কিন্তু মাদক ও অনলাইন জুয়া সমাজকে বিপদগ্রস্ত করছে। তাই এসএমপির নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রম চলমান থাকলেও এ দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, মাদক নির্মূল, মাদক প্রতিরোধ এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে আমি বিশেষভাবে জোর দিতে চাই। একজন রিকশাচালকও সারাদিন পরিশ্রম করে আয় করা টাকা মোবাইল ফোনে অনলাইন জুয়ায় হারিয়ে ফেলছে। এই দুই বিষয় থেকে সমাজকে বের করে আনতে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বিশেষভাবে কাজ করব।
সারোয়ার মুর্শেদ শামীম বলেন, যুবসমাজ সঠিক পথে থাকলে দেশ এগিয়ে যাবে। আর তারা যদি মাদক ও অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে এসএমপি।
তিনি আরও বলেন, পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
Leave a Reply