জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নং রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায়। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি বালুবাহী নৌকা আটক করে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় কিছু জনতা বাধা দেওয়ার চেষ্টা করলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় টাস্কফোর্স অভিযান অব্যাহত রাখে।
এ সময় রাংপানি নদীর পাড় থেকে অবৈধভাবে উত্তোলন করে মজুত করা ৭ হাজার ৯১৯ ঘনফুট বালু জব্দ করা হয়। পরে তাৎক্ষণিকভাবে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হয়।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত জনসাধারণকে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনসহ অন্যান্য অনিয়মের বিরুদ্ধে নিয়মিতভাবে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের পাশাপাশি নদী ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।