জৈন্তাপুর প্রতিনিধি :::
সিলেটের জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত ৮ হাজার ২১৩ ঘনফুট বালু জব্দ করে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৪নং বাংলাবাজার এলাকায় রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম। এ সময় বিজিবি ও পুলিশের সদস্যরা টাস্কফোর্সকে সহযোগিতা করেন।
অভিযানকালে রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি পেলুডার জব্দ করা হয়। পরে জব্দকৃত পেলুডারটি জিম্মায় দেওয়া হয়।
এছাড়া অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলিত ৮২১৩ ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু ঘটনাস্থলেই স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামকৃত বালু অপসারণের জন্য সংশ্লিষ্টদের দুই দিন সময় দেওয়া হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।