কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা,পরিবেশ সংরক্ষণ এবং যুবসমাজকে সবুজ ও পরিবেশবান্ধব ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে সিলেটের কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়নের ১৬০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব, জলবায়ু অভিযোজন, পরিবেশ সুরক্ষা, সবুজ ব্যবসার ধারণা, পরিবেশবান্ধব উদ্যোক্তা সৃষ্টি, সবুজ কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবসমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি বিভিন্ন দলীয়, ব্যবহারিক ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের বাস্তবভিত্তিক ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাদিউল ইসলাম, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. খাদেমুল রাশেদ প্রমুখ।