জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় জব্দকৃত নৌকাগুলো ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।