জৈন্তাপুর প্রতিনিধি:::
সিলেটের জৈন্তাপুরে চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালনকালে ডিআই পিকআপের ধাক্কায় রনজিৎ (৪৫) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে জৈন্তাপুর বাজারে ফায়ার সার্ভিসের সামনে চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আহত রনজিৎ ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর বিওপিতে কর্মরত। তার পিতার নাম রদিশ তালুকদার।
জানা যায়, চোরাচালান প্রতিরোধে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন বিজিবি সদস্যরা। এ সময় একটি ডিআই পিকআপের ধাক্কায় রনজিৎ আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা দিন-রাত ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে থাকেন। দায়িত্ব পালনরত একজন সীমান্তরক্ষী এভাবে গাড়ির ধাক্কায় আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে চোরাকারবারিদের দৌরাত্ম্যের শেষ কোথায়? সীমান্তে চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।