গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিএমএস আইডিয়াল স্কুলের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিছনাকান্দি ইউনিয়ন প্রশাসক জনাব বদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব গোলাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুপারবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এলাহি বক্স, লামনী প্রগতির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হোসাইন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মজিদ সরকার।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিদ্যালয়ের পরিচালক জনাব মীর হোসাইন সরকার বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল নিশ্চিত করতে বিদ্যালয়ের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও শিক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।