স্টাফ রিপোর্টার ::: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর অতর্কিত হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ গ্রেপ্তার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে পুনরায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের কাছ থেকে প্রকাশ্যে একজন আসামিকে ছিনিয়ে নেওয়ার এমন ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে গ্রেপ্তারের পরও নিজেদের হেফাজতে রাখতে না পারার ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
ছিনিয়ে নেওয়া আসামি জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক। তিনি হত্যা মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হরিপুর সংলগ্ন করিচর ব্রিজ এলাকায় পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুতের নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের ‘ফিজা অ্যান্ড কোং’-এর আউটলেট থেকে জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে আসা হচ্ছিল।
পথে করিচর ব্রিজ এলাকায় পৌঁছামাত্রই জাকারিয়ার সহযোগী ও দলীয় নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা কেবল পুলিশের ওপর হামলা নয়, এটি সরাসরি আইন প্রয়োগের প্রক্রিয়ায় বাধা দেওয়ারও ঘটনা। সংঘবদ্ধভাবে পুলিশের গাড়ি আটকে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার পরও দীর্ঘ সময় তাকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি জানা যায়নি। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারেও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় নিয়ে আসার পথে তার সহযোগীরা পুলিশের গাড়িতে অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য গুরুতর আহত হননি। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। তিনি বলেন, পুলিশের হাত থেকে এভাবে হাতকড়াসহ একজন চিহ্নিত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সবচেয়ে বড় প্রশ্ন, পুলিশের একটি দল অভিযান চালিয়ে একজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করল, অথচ থানায় নেওয়ার পথেই সংঘবদ্ধ হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হলো। এরপর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হলো না কেন? পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং আসামি ছিনিয়ে নেওয়ার মতো গুরুতর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও এখন জনমনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।