কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট সীমান্তে বিজিবি’র অভিযানে সাড়ে ৫ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)’র সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৮’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় স্কীন সানরাইজ ক্রীম ১০০ টি, নিভিয়া সফট ক্রিম ১০০ টি, বডি স্প্রে ১৭০ টি, জিরা ৯০ কেজি এবং চিনি ২৫০ কেজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৫লক্ষ ৬০হাজার ৫’শ টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ-১৯ বিজিবি মনিটরিং সেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্তে সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন ও সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।