সবসময় ডেস্ক ::: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ স্কাফ সিরাপ (ফেনসিডিল)সহ দুই নারীকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৭ জুন) উপজেলার পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এএসআই আবুল কালামের নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশ চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি এবং সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহিমের মেয়ে রহিমা বেগম এবং নাজিরেরগাঁও গ্রামের আশব আলীর মেয়ে সাবিনা বেগম।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
পুলিশ জানায়, সীমান্তবর্তী এ উপজেলায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও জোরদার করা হয়েছে।
Leave a Reply