সবসময় ডেস্ক ::: সিলেট নগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিচালিত ৩২ ঘণ্টার অভিযানে মোট ১২৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ১২টা থেকে শনিবার (২০ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবারের ২৪ ঘণ্টায় ৯৪ জন এবং শনিবার সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ৩১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক কারবারে জড়িত ব্যক্তি, চুরি ও চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সন্দেহভাজন এবং মেট্রো অধ্যাদেশে আটক ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া ১৫২ পিস ভারতীয় কম্বলও উদ্ধার করা হয়।
একই সময়ে ট্রাফিক বিভাগ মহানগরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং ৮০টি যানবাহন আটক করেছে। সব মিলিয়ে ১৩৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
Leave a Reply