জকিগঞ্জ উপজেলায় বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির চেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুর বাজার এলাকার একটি কম্পিউটার ও প্রিন্টিং প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি নিজের নাম রাব্বি আহমদ বলে পরিচয় দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় আধার কার্ডের তথ্য ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশ্যে ওই ব্যক্তি বাবুর বাজারের একটি দোকানে যান। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মাহবুর সুলতান কৌশলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে সংরক্ষিত ভারতীয় বিভিন্ন কাগজপত্রের ছবিও পাওয়া গেছে, যার সত্যতা যাচাই করছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাব্বি আহমদ দাবি করেছেন, ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের কারণে তিনি বাংলাদেশে চলে এসেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আগের রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এবং তাঁর ফুফুর বাড়িতে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে বাংলাদেশে সহজ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থেই তিনি এই জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টা করেছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আটক ব্যক্তির পরিচয়, বাংলাদেশে প্রবেশের বৈধতা এবং জাতীয় পরিচয়পত্র তৈরির চেষ্টার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া সব কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply