স্টাফ রিপোর্ট ::: অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত নোংরা রাজনীতির বিরুদ্ধে সিলেটে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর যুবদল।
সোমবার (২২ জুন) রাত সাড়ে ৮টায় সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের নেতৃত্বে এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলটি সিলেট নগরীর ওসমানী মেডিকেল এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রিকাবীবাজার পয়েন্ট ঘুরে স্থানীয় স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন। তারা অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতিতে মেতে উঠেছে। সুস্থ ও গঠনমূলক রাজনীতিতে ব্যর্থ হয়ে তারা কুরুচিপূর্ণ পথ বেছে নিয়েছে। যুবদল এই নোংরা রাজনীতিকে রাজপথেই প্রতিহত করবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে যেকোনো ধরনের অপপ্রচার ও রাজনৈতিক অপকৌশলের দাঁতভাঙা জবাব দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী সদা প্রস্তুত রয়েছে।
সমাবেশে সিলেট মহানগর যুবদল ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply