সবসময় ডেস্ক :::সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযানে ৬০ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও ৫২ বিজিবি। তাদের দাবি, জব্দকৃত এসব জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
বুধবার (১ জুন) বিকেলে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এবং ৫২ বিজিবির একটি যৌথ দল গোলাপগঞ্জ উপজেলার শ্রীরামপুর বাইপাস এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধার করা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র্যাব।
অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ভারতীয় জিরা ৫২ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply