সিলেট সফররত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে সৌজন্য বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৭ জুলাই) নগরের একটি হোটেলে অনুষ্ঠিত নাশতা বৈঠকে সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠক শেষে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের জানান, আলোচনায় বাংলাদেশে, বিশেষত সিলেট অঞ্চলে মার্কিন বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিলেটের অর্থনৈতিক উন্নয়নে নতুন পথ খোলার সুযোগ রয়েছে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও নিবিড় করার বিষয়েও একমত হন উভয়পক্ষ।
আলোচনায় স্থান পায় সিলেটের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পর্যটন খাতের বিকাশ-সম্ভাবনার বিষয়টিও। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটি প্রবাসীদের অর্থনৈতিক অবদান এবং দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক সুদৃঢ়করণের বিষয়ও উঠে আসে। মন্ত্রী মন্তব্য করেন, এ ধরনের সাক্ষাৎ ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদী।
বৈঠকে অংশ নেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, তাহসিনা রুশদীর লুনা, এমরান আহমেদ চৌধুরী ও মুফতি আবুল হাসান। এ ছাড়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
Leave a Reply