নিজস্ব প্রতিবেদক::: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কাছে দীর্ঘদিনের বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এর মধ্যে প্রায় পুরো অর্থই নগরীর স্ট্রিট লাইটের বিদ্যুৎ বিল বাবদ পরিশোধ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সিলেট নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১, ২, ৩ ও ৪-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে ৬ কোটি ৬ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফসহ সিসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন, পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জাহিদ মোহাম্মদ আনোয়ারুজ্জামান, বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত, বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক, বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন এবং বিভাগ-৪-এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিসিক ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নগরবাসীর জন্য বিদ্যুৎ সেবার মানোন্নয়ন, স্ট্রিট লাইট ব্যবস্থাপনা এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সেবার পরিধি আরও বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন।
সিসিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে আর্থিক দায়বদ্ধতা হ্রাসের পাশাপাশি নগরীর বিদ্যুৎ সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নগরবাসীর জন্য উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply